ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে লম্বা ছুটি শুরু হয়ে গেছে। ঈদের আনন্দ পরিবার-পরিজনের সাথে ভাগাভাগি করে নিতে অনেকেই ইতোমধ্যে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, আবার কেউ কেউ ছুটি কাটাতে বিভিন্ন পর্যটনকেন্দ্র বা আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়ার পরিকল্পনা করছেন। তবে প্রতি বছরই দেখা যায়, এমন দীর্ঘ ছুটির সময় বাড়ি ফেরা বা বেড়াতে যাওয়ার পথে এবং বাড়িতে অবস্থানের সময় নানা ধরনের দুর্ঘটনার খবর শোনা যায়। তাই আসন্ন ঈদের ছুটিতে যারা পরিবার নিয়ে কোথাও ভ্রমণে যাবেন বা গ্রামের বাড়িতে সময় কাটাবেন, তাদের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি।
এছাড়াও দেশে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতের মৌসুম শুরু হচ্ছে। পাশাপাশি প্রতি বছর ঈদের বা লম্বা ছুটির সময় শিশুদের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা তুলনামূলকভাবে বেশি ঘটে। গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে বা অসতর্ক অবস্থায় পুকুর, নদী বা জলাশয়ের পাশে খেলতে গিয়ে অনেক শিশু দুর্ঘটনার শিকার হয়। অনেক ক্ষেত্রে একজন শিশুকে বাঁচাতে গিয়ে অন্য শিশুও পানিতে ডুবে যায়, যা পরিস্থিতিকে আরও মর্মান্তিক করে তোলে। গত বছর (২০২৫) সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, ঈদুল ফিতর অর্থাৎ রোজার ঈদের ছুটিতে ১২ দিনে প্রায় ৪৯ জন পানিতে ডুবে মারা যায়, যাদের মধ্যে শিশু ৪৭ জন। আবার একই বছর ঈদুল আজহার ছুটিতে ১৩ দিনে প্রায় ১০৮ জন পানিতে ডুবে মারা যায়, যাদের মধ্যে ৯১ জনই ছিল শিশু। অন্যদিকে ঈদের আগে ও পরে সড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পায়। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা উদ্বেগজনক।
অনেকে নিজেদের গাড়িতে করে বাড়ি যাবেন বা কোথাও বেড়াতে যাবেন। সেক্ষেত্রে গাড়ির সামনের আসনে যারা বসবেন তারা অবশ্যেই সীট বেল্ট বেঁধে নিবেন। শিশুদের কোনোভাবেই সামনের আসনে বসাবেন না এবং শিশু যেন উপরের ছবির মত জানালার বাইরে হাত বা মাথা না দেয় সেদিকে সতর্ক দৃষ্টি দিতে হবে।
এছাড়াও চলমান সময়ে ডেঙ্গুর ঝুঁকি, তাপদাহ এবং ডায়রিয়ার মতো রোগের সম্ভাবনাও সার্বিক পরিস্থিতিকে আরও নাজুক করে তুলতে পারে। তাই সামান্য কিছু সচেতনতা ও সতর্কতা অবলম্বন করলেই আমরা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়িয়ে নিরাপদ ও আনন্দময়ভাবে ঈদের ছুটি উপভোগ করতে পারি।
ছবি: Freepik
১) পানিতে ডোবা থেকে শিশুকে রক্ষায় করণীয় সম্পর্কে জানতে দেখুন……
২) মোটর সাইকেল দুর্ঘটনা এড়াতে করণীয়
৩) বজ্রপাত হতে রক্ষার জন্য করণীয় সম্পর্কে জানতে দেখুন…..
৪) কালবৈশাখী ও শিলাবৃষ্টির সময় করণীয়
৫) ডেঙ্গুতে শিশু সুরক্ষা
৬) তাপদাহে করণীয়
৭) ডায়রিয়া বা কলেরা থেকে রক্ষায় করণীয়

